প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 20, 2026 ইং
দেশের বিভিন্ন স্থানে গত এক মাসে ১০৪ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৬০: র্যাব

দেশের বিভিন্ন স্থানে গত জুলাই মাসে অভিযান চালিয়ে ১০৪টি অস্ত্র উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসব ঘটনায় ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
র্যাব জানায়, উদ্ধার করা ১০৪টি অস্ত্রের মধ্যে ৬৫টি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং ৩৯টি বিদেশি অস্ত্র। এসব অস্ত্র উদ্ধারের পাশাপাশি সংশ্লিষ্ট ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে ইন্তেখাব চৌধুরী বলেন, আইনের শাসন সমুন্নত রাখা, মানবাধিকার রক্ষা ও সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব কাজ করে যাচ্ছে। একই সঙ্গে অপরাধ চিহ্নিত ও প্রতিরোধ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে ভবিষ্যতেও র্যাব আরও দৃঢ়ভাবে কার্যক্রম পরিচালনা করবে।
তিনি আরও বলেন, জনগণের পাশে থেকে জনগণের সেবা করতে আমরা সর্বদা নিজেদের নিয়োজিত রাখব বলে প্রতিশ্রুতিবদ্ধ। এ ক্ষেত্রে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি।
© সকল কিছুর স্বত্বাধিকার NNTV